
তনহা হি কিউ জ্বলে হাম!
প্রথম প্রেমের অকস্মাৎ গমনে নাকি মন ভাঙে। ভাঙে বইকি, কষ্টও হয়! বেশি ভয় দেখালে নাকি ভয় কেটে যায়, ঠিক যেমনটা থ্রিলারে দেখানো ব্যাক টু ব্যাক টুইস্ট! কষ্টের ক্ষেত্রেও বুঝি তা-ই ঘটে। তবে প্রবাহমান জীবনে সেই সময় খুব বেশি স্থায়ী হয়না। হাড়হিম শীতলতার চাদর সরিয়ে জীবনগাঙে আগমন ঘটে হলুদ বসন্তের।
প্রেম আসে জীবনে, সম্পর্কও হয়, তবে সে প্রেমে প্রথম জীবনের স্বভাবসিদ্ধ উচ্ছলতার অভাব অনুভূত হয়। প্রেমের সে হারানো দীপ্তির সন্ধানে সে খুঁজে ফেরে আসমান জমিন।
তবু বুঝি পাওয়া হয়না তা। যে প্রেম ভাঙায় একদিন চোখের জল মুছে শাপ শাপান্ত করে মানুষ, “অমন অলক্ষুণে প্রেম যেন এ জীবনে আর না হয়”।
সেই অগ্নিশিখার সন্ধানেই আবার বহ্নিপতঙ্গ হতে চায় বিবাগী মন!
বহু বছর পরে আবারও কারোর জন্যে অপেক্ষা করতে চায়, শুধু জায়গা গুলো বদলে যায়, অবাধ্য স্কুলবাড়ি থেকে পেল্লায় আপিস। পিথাগোরাস বুঝিয়ে দেওয়ার পরিবর্তে তেল নুন কড়াইয়ের লড়াইয়ে সঙ্গ দিতে চায় তার। যে কোনো অছিলায় আঙুল ছোঁয়ার সে দিন গুলোয় বাঁচতে চায় আবার। নিয়ন আলোর উষ্ণতা মেখে হারিয়ে যেতে চায় কুয়াশা মাখা ভোরে। সে হাতও যদি একদিন হারিয়ে যায় কালের গহ্বরে, নিবিড় অন্ধকারে তবে তাতে ক্লান্তি নেই, আছে শান্তি, আছে সুখ। প্রেমের জোয়ারে আসা মৃত্যু যথার্থ রূপেই শ্যাম সমান।
তাই দিন শেষে তাকে ঘিরেই যেন জীবনের গান –
ঢলতি রাত কা এক মুসাফির, শুবহা আলবিদা ক্যাঁহে চলা
জিতে জি তেরা হো সকা না, মরকে হক আদা কর চলা…